হিমায়িত চিংড়ি বাদে অন্যান্য মাছ রপ্তানিতে নগদ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হিমায়িত চিংড়ি বাদে অন্যান্য মাছ রপ্তানিতে ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেবে সরকার। চলতি অর্থবছরের জাতীয় বাজেটে অন্যান্য মাছ রপ্তানিতে নগদ সহায়তার ঘোষণা ছিল না। কিন্তু মাছ রপ্তানিকারকদের দাবির কারণে সরকার নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় বাজেটে শুধু হিমায়িত চিংড়ি রপ্তানির ওপর ১০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়ার ঘোষণা ছিল।
বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার ব্যাংকগুলোতে এক নির্দেশনা পাঠিয়ে চিংড়ি বাদে অন্যান্য হিমায়িত মাছ রপ্তানিতে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্তটি জানায়।
এই নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত জাহাজীকরণ করা সব হিমায়িত অন্যান্য মাছ রপ্তানির আয়ের বিপরীতে ৫ শতাংশ হারে এই নগদ সহায়তা পরিশোধ করা হবে।
নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে ২০০৩ সালে জারি করা নির্দেশনার আলোকে ইউনিট (পাউন্ড) প্রতি এফওবি মূল্যের সিলিং বা সীমা নির্ধারিত হবে। নগদ সহায়তা পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা অনুসারে গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় ১৪টি খাতের পণ্য রপ্তানির বিপরীতে ব্যাংকগুলোকে নগদ সহায়তা দিতে বলা হয়। আগের অর্থবছরও এসব খাতে নগদ সহায়তা দিয়েছে সরকার।
তবে আগের বছরে হিমায়িত চিংড়ি রপ্তানিতে নগদ সহায়তার হার ছিল ৫ শতাংশ। এবার তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এ ছাড়া বস্ত্র খাতে নতুন পণ্য ও নতুন বাজার সম্প্রসারণ করতে ২ শতাংশ থেকে সহায়তা বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে।